
হাইকোর্টের রায়ে কোন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল—দেশের ইতিহাসে এটাই প্রথম কোন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ মঙ্গলবার (১৩ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
উল্লেখ্য যে, ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ মামলাটি খারিজ (আইনজীবী হাজির না থাকায়) করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন। অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন।
জামায়াত ইসলামের পক্ষে আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক এবং আইনজীবী শিশির মনির। অন্য দিকে, ইসির পক্ষে আইনজীবী ছিলেন তৌহিদুল ইসলাম। এর আগে, গত ৭ মে আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত আপিলের শুনানির জন্য ১৩ মে (মঙ্গলবার) দিন ধার্য করে। তারও আগে ১২ মার্চ এ বিষয়ে আপিল শুনানি শুরু হলেও এরপর আর কার্যক্রম এগোয়নি।এরপর ৩ ডিসেম্বর থেকে আপিলের ওপর আনুষ্ঠানিক শুনানি শুরু হয়। তবে সর্বশেষ গত ৭ মে আপিল বিভাগ নতুন করে শুনানির দিন ধার্য করে।
