
প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে টানা কয়েক দিন হামলা-পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতির মেনে দেয়। তবে তাদের এই ঘোষণার পরও প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
এখনও ভারত-পাকিস্তানের সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ কমছে না। যুদ্ধবিরতি ঘোষণার আগের ৮৭ ঘণ্টা ধরে চলা ভারত-পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না- তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। প্রতি ঘণ্টায় এক বিলিয়ন ডলারের ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এই সংঘাতে ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়। ৮৭ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে, ভারতের নিফটি ৫০ ও বিএসই সেনসেক্স সূচকসমূহ মিলিয়ে ৮২ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালাইজেশন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন ৮ মিলিয়ন ডলারের বাণিজ্য বিমান ক্ষতি হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ায় ৫০ মিলিয়ন ডলারের ক্ষতি হয় টিভি স্বত্ব, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে।
অন্যদিকে, ভারতের সামরিক অভিযানে খরচ পড়ে ১০০ মিলিয়ন ডলার, এবং রাফায়েল যুদ্ধবিমানের ক্ষতির মূল্য ৪০০ মিলিয়ন ডলার। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্ষতি দাঁড়ায় ২ বিলিয়ন ডলার। বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্তভাবে। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৩ বিলিয়ন ডলার।
সুত্রঃ রয়টার্স এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল
