
বৈধ কাগজপত্র ছাড়া ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইছে সে দেশের সরকার। ঢাকা সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোজি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে এ কথা জানান। তবে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত না পাঠিয়ে তাদের বৈধতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এই তথ্যটি জানিয়েছেন। তারা সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঢাকাস্থ ইতালি দূতাবাসের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে বৈঠকে অংশগ্রহণ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ইতালি সম্প্রতি নতুন অভিবাসন নীতি প্রণয়ন করেছে, যার আওতায় অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশিদের কীভাবে সহজে ফেরত পাঠানো যায়, তা নিয়ে মূলত আলোচনা হয়েছে।”
উল্লেখ্য যে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন বিষয়ে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) রয়েছে। এই কাঠামোর আওতায়ই ইতালি বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায়।
