
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। সীমান্ত সুরক্ষার স্বার্থে বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান বলেছেন, ‘আমরা একটি সার্বভৌম রাষ্ট্র। সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের ওপারে যে-ই থাকবে, তার সঙ্গেই যোগাযোগ রাখবে বাংলাদেশ। নিজ স্বার্থে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে কথা বলব। কে কী বলল, যায় আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটি বাস্তবায়ন করছি।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ প্রয়োজন তা তুলে ধরে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের সীমান্তের ওপারে এখন নিয়ন্ত্রণ আরাকান আর্মির। এটা তো আমাদের সীমান্ত এবং এটা আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে রক্ষা করতে হবে। এটা একটা ক্রসবর্ডার। এজন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব।
আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর এপ্রিলে জেনারেল মিন অং হ্লায়িংয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে। সেই চিঠিতে জান্তা সরকার ‘অসন্তোষ’ প্রকাশ করেছে। তবে এখন অবধি বাংলাদেশ সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
উল্লেখ্য যে, আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগ বিপরীতমুখী কিনা-এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, ওপারে সীমান্তে আরাকান আর্মি আছে। তার সঙ্গেতো আমার কাজ করতেই হবে, তাই না?
এক প্রতিবেদনে জানানো হয়, গত দেড় বছরে প্রায় এক লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। তাদের বসবাসের জন্য ঘর বরাদ্দ চেয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আগেও যারা এসেছেন তারা আমাদের বন কেটে ঘরবাড়ি করেছে। এটা আমাদের পরিবেশগত প্রভাব পড়েছে।
