
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
শনিবার (২৯ শে মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ের (পিকেইউ) কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।
এর আগে, প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত এ অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে বক্তব্য রাখেন।
শান্তিতে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, চাকরি একটি দাসপ্রথার চলমান ধারা। তবে মানবসত্তা স্বাধীন। তাই তিনি তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা আরো বলেন, যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই আমাদের প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের দায়িত্বশীল অংশগ্রহণ দরকার।
চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন সফরে যান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরে তিস্তা প্রকল্প নিয়ে বড় পরিসরে আলোচনা হয় এবং একটি চুক্তি এবং আটটি স্বারক স্বাক্ষর করা হয়। এর আগে, বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে এক সৌজন্যে সাক্ষাত করেন।
