রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন করে ৭৩ মিলিয়ন বা ৭ দশমিক ৩ কোটি মার্কিন ডলারের নতুন সহায়তার ঘোষণা দিয়েছে। ডলার প্রতি ১২১ টাকা ৪৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৮৬ কোটি ৫৮ লাখ টাকা।
পররাষ্ট্র দপ্তরের এক তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ওয়াশিংটন রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ ছিল। প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে। কিন্তু জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক তহবিল স্থগিত করার ফলে কমপক্ষে পাঁচটি হাসপাতাল তাদের সেবা কমিয়ে ফেলতে বাধ্য হয়েছে।
ট্রাম্প এবং তার বিলিয়নিয়ার মিত্র ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি বন্ধ করে এর অবশিষ্ট অংশগুলোকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছেন, শত শত কর্মকর্তা-কর্মচারী ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মীকে বরখাস্ত করেছেন এবং বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ যে পরিষেবাগুলোর ওপর নির্ভরশীল, সেগুলোর জন্য বরাদ্দকৃত বিলিয়ন ডলার বাতিল করেছেন।
চলতি মাসের শুরুতে রয়টার্স জানিয়েছিল, ইউএসএআইডি ভেঙে দেওয়ার তদারকি করা ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রোহিঙ্গাদের জন্য সাহায্য পর্যায়ক্রমে বন্ধ করার প্রস্তাব করেছিলেন।

