
বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১১ জুন) সফরের দ্বিতীয় দিনে লন্ডন স্থানীয় সকাল ৯টায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
দ্বিপাক্ষিক এই বৈঠকের পর চাথাম হাউজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেইয়ের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এরপর বেলা ১১টায় চ্যাথাম হাউসের মূল হলে একটি বিশেষ বক্তৃতা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং যেখানে তিনি বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক রূপান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সম্মানে চ্যাথাম হাউসের ম্যালকম রুমে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অপর দিকে, সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অধ্যাপক ড. ইউনূস অংশ নেবেন সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক রাজকীয় নৈশভোজে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের দ্য কিংস ফাউন্ডেশন-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বৃটিশ রাজা চার্লস নিজেও উপস্থিত থাকবেন। সেখানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও রাজা চার্লস (তৎকালীন প্রিন্স চার্লস) এর আগেও একাধিকবার সামাজিক ব্যবসা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করেছেন। উভয়েই জলবায়ু সঙ্কট ও দারিদ্র্য বিমোচন নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। এরই অংশ হিসাবে বর্তমানে সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
