
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে তিনি এ উদ্বেগের বিষয়টি জানান।
এই বিষয়ে রুবিও বলেন, “আমরা তুরস্কের মতো ঘনিষ্ঠ মিত্র দেশে এমন অস্থিতিশীল পরিস্হিতি দেখতে চাই না।”
উল্লেখ্য যে, গত ১৯ মার্চ মেয়র ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। এই ঘটনার পর থেকে আঙ্কারা, ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার পর্যন্ত এই ঘটনার জন্য ১,৮৭৯ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২৬০ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তুরস্কের সরকার বলছে, মেয়র ইমামোগলুর গ্রেপ্তার বিচার বিভাগের সিদ্ধান্ত, তবে বিরোধী দল সিএইচপি দাবি করছে, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে জনপ্রিয় এই নেতাকে আটক করা হয়েছে।
এদিকে, ইমামোগলুর আইনজীবী মেহমেত পাহলভিয়ানকেও ‘অপরাধমূলক সম্পদ পাচারের’ অভিযোগে আটক করা হয়েছে, যা বিরোধীরা সরকারের দমননীতির অংশ বলে মনে করছে।
এই ঘঠনার পর থেকে তুরস্কের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসন গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তবে আঙ্কারা বলছে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এই ব্যাপার অন্য দেশের কোন হস্তক্ষেপ তারা মেনে নিবেন না।
