রাজধানীতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়ার প্রস্তাব পাঠালে আন্তঃমন্ত্রণালয় বা সচিব কমিটির সভার মাধ্যমে অল্প সময়ের মধ্যে সেগুলো পূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
উল্লেখ্য, তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) সারা দেশের প্রকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন তারা। ইতোমধ্যে আন্দোলনরতরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।
প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে মোখলেস উর রহমান বলেন, ‘‘দুটিই তো সরকারের। বেসরকারি নিয়ে তো কোনো সমস্যা নেই। সরকারের সুবিধা যারা বেশি খায়, সমস্যা তারাই বেশি সৃষ্টি করে। এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন আমরা সমাধান করার জন্য প্রস্তুত। তাদের প্রস্তাব আসলে আমরা সবাইকে ডাকব।’’
জনপ্রশাসন সচিব আরও জানান, প্রকৌশল শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়ার প্রস্তাব পাঠালে আন্তমন্ত্রণালয় বা সচিব কমিটির সভার মাধ্যমে অল্প সময়ের মধ্যে সেগুলো পূরণের ব্যবস্থা করা হবে।
