
কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সরকার পতনে এক দফার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। আজ রোববার (৩ আগষ্ট) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত হলে সমাবেশ শুরু হয়।
এই সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।
আজকের সমাবেশ থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন।
সমাবেশ শুরুর আগে এনসিপির একাধিক নেতা প্রথম আলোকে জানান আজকের সমাবেশ থেকে দেশবাসীকে নতুন বার্তা দেবে দলটি। তাঁরা জানান, ইশতেহারে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে যে বিষয়গুলোতে মনোযোগ দেওয়া দরকার, সেগুলো তুলে ধরা হবে। বিশেষ করে নাগরিক মর্যাদা ও ন্যায়বিচারের বিষয়টি তুলে ধরবেন। এ ছাড়া জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিও জানানো হবে। শেখ হাসিনাসহ খুনিদের দ্রুত বিচারের দাবিটিও উল্লেখ থাকবে ইশতেহারে।
উল্লেখ্য যে, গত বছরের ৩ আগস্ট হাজার হাজার সাধারণ মানুষ যেভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল আজকে তেমন জনসমাবেশ হবে বলে আশা করছে এনসিপি। সমাবেশস্থলে উপস্থিত দলের সদস্য রফিকুল ইসলাম কনক এসব কথা বলেন। এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা ২টার দিকে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।
