সকালে খালি পেটে কিছু বিশেষ পানীয় খাওয়ার বহুবিধ উপকারিতার কথা হয়তো জানেন। এসবের মধ্যে সহজলভ্য এবং জনপ্রিয় একটি পানীয় লেবু-পানি। ইফতারের শুরুতেও তৃষ্ণা মেটাতে হয়তো লেবু-পানি বা লেবুর শরবত খান অনেকে। লম্বা সময় খালি পেটে থাকার পর লেবু দিয়ে তৈরি করা পানীয় খেলে লেবুর পুষ্টিগুণ নিশ্চয়ই পাবেন। কিন্তু আদতে কি এই অভ্যাস সবার জন্য পুরোপুরি নিরাপদ?
খালি পেটে লেবু–পানি খেলে যা হয়
লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড। আবার আমাদের পাকস্থলীতে স্বাভাবিক নিয়মেই অ্যাসিড নিঃসৃত হয়। এটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখন আপনার পেট খালি থাকে, তখনো কিন্তু পাকস্থলীর এই নিঃসরণ বন্ধ হয় না। বরং লম্বা সময় না খেয়ে থাকলে বেশ কিছুটা হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় পাকস্থলীতে। এখন আপনি যদি এ অবস্থায় লেবু–পানি, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড গ্রহণ করেন, তাহলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। তাই আপনার অ্যাসিডিটিতে ভোগার ঝুঁকি থাকবে। খালি পেটে লেবু–পানি খেলে তাই কারও কারও টক ঢেঁকুর উঠতে পারে, পেটে অস্বস্তিকর অনুভূতি হতে পারে, পেট ফাঁপতে পারে। কারও কারও পেটব্যথাও হতে পারে। লেবুর সঙ্গে অন্য কোনো উপাদান যোগ করা হলেও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
