
নেপাল সফর সামনে রেখে ক্যাম্প শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু বসুন্ধরা কিংস তাদের ফুটবলারদের এখনও ছাড়েনি। ফলে প্রস্তুতিও হচ্ছে না ঠিকঠাক। খেলোয়াড় ছাড়তে তাই কিংসের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সফরের ক্যাম্পের দলে আছেন বসুন্ধরা কিংসের ১০ জন ফুটবলার। তাদের অনুপস্থিতেই চলছে ক্যাম্পের কার্যক্রম।
এ নিয়ে ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভা বসে রোববার। সেখানে খেলোয়াড় ছাড়ার জন্য কিংস কর্তৃপক্ষকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাফুফে নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
“আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আজ রাতে কিংবা আগামীকাল সকালে জাতীয় দলের খেলোয়াড় দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করব। চিঠির কী উত্তর আসে, এর প্রেক্ষিতে আবার ৩-৪ দিন পর আমরা জাতীয় দল কমিটির জরুরি সভায় বসব।”
বসুন্ধরা কিংস চিঠির মাধ্যমে বাফুফেকে জানিয়েছিল, প্রাক মৌসুম প্রস্তুতি ও ফুটবলারদের চোট ঝুঁকি এড়াতে খেলোয়াড় ছাড়তে চায় না তারা।
