সেনাবাহিনী পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ বিনিময়, যৌথ মহড়া এবং উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের কনফারেন্স কক্ষে দুই দিনব্যাপী নবম বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি) ২০২৬ শেষে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এ সমঝোতা হয়।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, এই বৈঠকটি ২০২৫ সালের ৮–১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নবম এলএফটির ধারাবাহিকতায় আয়োজিত হয়।
আলোচনায় সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল অংশ নেয়। যুক্তরাষ্ট্রের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জ্যাকব ওস্টার।
