
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, পলাশ বিশ্বাস নামের ওই রোগী গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১৭ মার্চ ষষ্ঠ তলায় এইচডিইউতে স্থানান্তর করা হয়। ভোরে তিনি একাই জরুরি বাহির দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে চলে যান। সেখান থেকে লাফিয়ে নিচে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আবাসিক সার্জন বলেন, ওই ব্যক্তি গাজীপুরের টঙ্গী এলাকায় ওয়াশিং প্লান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তাঁর শ্বাসনালি দগ্ধ হয়। সেদিনই তাঁকে ঢাকায় এনে ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ১১ দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যা দেখা দেয় তাঁর। বিভিন্ন সময় এলোমেলো কথাবার্তা বলতেন। বুধবার তাঁর মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।
শাহবাগ থানার এসআই আসাদুল ইসলাম জানান, ইনস্টিটিউটের ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে পলাশ মারা গেছেন। তদন্তে বিস্তারিত জানা যাবে।
এদিকে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
