বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিসিবি কোনো পরিবহনের স্ট্যান্ড নয় যে এখানে ‘বাপের দোয়া’ বা ‘মায়ের দোয়া’ মার্কা পকেট কমিটি চলবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন, বিগত সময়ে ক্ষমতার অপব্যবহার করে গঠিত অবৈধ কমিটিকে বিদায় করা হয়েছে এবং তামিম ইকবালের মতো বিশ্ববরেণ্য ক্রিকেটারদের হাতেই এখন দেশের ক্রিকেট নিরাপদ।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি বিল উত্থাপনের ওপর আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিসিবির কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করার সমালোচনা করেন। এর জবাবে মন্ত্রী বিসিবি, মানবাধিকার কমিশন ও বিগত সরকারের অনিয়ম নিয়ে পাল্টা বক্তব্য দেন।
