
৪৩তম বিসিএসে দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের দ্রুত গেজেটভুক্ত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন ক্যাডারে বাদ পড়া প্রার্থীরা। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ দাবিতে মানববন্ধন করেন তাঁরা।
৪৩তম বিসিএসে মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও গেজেট থেকে বাদ পড়া প্রার্থী মিথুন শাকিল বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল, দ্রুত আমাদের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হবে। কিন্তু কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা হতাশ হয়ে পড়েছি। আমাদের দাবি, ঈদের আগে যেন আমাদের গেজেট প্রকাশ করা হয়।’
গেজেট থেকে বাদ পড়া প্রার্থী গোপা বিশ্বাস বলেন, ‘দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে আমরা অনেকে অন্য চাকরিতে ছিলাম। কিন্তু গেজেটে নাম আসায় অনেকে সেসব চাকরি বাদ দেন। কারণ, বিসিএসের ইতিহাসে একবার গেজেট প্রকাশিত হওয়ার পর নিয়োগ স্থগিত করার উদাহরণ আর দ্বিতীয়টি নেই। অন্য চাকরি ছেড়ে যখন বিসিএসে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এ বাদ পড়ার দুঃসংবাদ আসে। আমরা চাই দ্রুত আমাদের জন্য গেজেট প্রকাশ করা হোক, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।’
এর আগে, ১৬ মার্চ গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনের নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত সময়ের মধ্যে প্রকাশের দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রার্থীরা।
