
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাইরিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এই তথ্যটি জানিয়েছেন।
বুধবার (২ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান এই কথা জানান।
উল্লেখ্য যে, গত বছরের ২৮ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জোটের মহাসচিব ও রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডের সাক্ষাত হয়। এই সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট ‘বিমসটেক’ এর পরবর্তী চেয়ারম্যান হবে বাংলদেশ।
১৯৯৭ সালের ৬ জুনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সার্কভুক্ত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং আসিয়ানভুক্ত থাইল্যান্ড ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে এই নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম ‘বিমসটেক’ দেওয়া হয়।
