
প্রবাসীদের পাঠানো রেকর্ড পরিমান রেমিট্যান্সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে তিন বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী আয়ে দেশের ইতিহাসে একমাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। ঈদের আগে চলতি মার্চ মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়নের বেশী (৩০০ কোটি ডলার)।বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন আসছে প্রায় ১১.৩৪ কোটি ডলার বা প্রায় ১৩৮৪ কোটি টাকা করে। দেশের ইতিহাসে এর আগে এক মাসে কখনো প্রবাসীরা এত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাননি।
উল্লেখ্য যে, গত বছরের (২০২৪) ডিসেম্বরে প্রবাসীরা ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এছাড়া চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, এই বছরের জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স হিসাবে পাঠিয়েছেন প্রবাসীরা।
জুলাই আগস্টের ছাত্র জনতার গনআন্দোলনের ফলে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসী আয়ে রেকর্ড হতে থাকে, কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্যটি জানান। রেমিট্যান্স বাড়ার সাথে সাথে কমেছে হুন্ডি ও অর্থপাচার। আবার খোলা বাজারের মতই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
