
গত সোমবার ভোরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ‘ইন্ডিয়ান আইডল’ গায়ক পবনদীপ রাজন। ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গায়কের গাড়ি। তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি মালবাহী ট্রাকের। পথচারীরা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিল্লি এনসিআরের ফরটিস হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় হাড় ভেঙেছে তাঁর, লেগেছে মাথায় চোট। টানা ছয় ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা পবনদীপকে তিন থেকে চার দিন পর্যবেক্ষণে রাখবেন। অবস্থার উন্নতি হলে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী চিকিৎসার বিষয়ে।
পবনদীপের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পবনদীপের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, তবে আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন। তিনি এখন সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সোমবারটা পবনদীপ ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। সারা দিন তিনি তীব্র যন্ত্রণা ও অজ্ঞান থাকার মধ্যে দিয়ে কাটিয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে তাঁকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয় এবং ছয় ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর তাঁর কিছু বড় আঘাতের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। কয়েক দিন বিশ্রামের পর আবার অস্ত্রোপচার করা হবে।’
উল্লেখ্য, ২০২১ সালে ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ জিতে খ্যাতি অর্জন করেন পবনদীপ রাজন। এর আগে ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ রিয়েলিটি শোতেও বিজয়ী হয়েছিলেন তিনি।
