
বাংলাদেশ টি- টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে যে দু-তিনজনের নাম ছিল আলোচনার টেবিলে তাতে সবার উপরে ছিলেন লিটন দাস। থাকছেনও তিনি তাই। তার নেতৃত্বেই আরব-আমিরাত ও পাকিস্তানে টি- টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম রবিবার বিকেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার হয়েছে।
আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার মেহেদী হাসান। আজ বিকেলে মিরপুরে তাঁদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন।
মেহেদী হাসান মিরাজকে সহ–অধিনায়ক করা বিষয়ে জানতে চাইলে নাজমূল আবেদীন বলেন, শুধু এই দুটি সিরিজের জন্যই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে চেষ্টা করা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন তারা।
উল্লেখ্য যে, চলতি মাসেই বাংলাদেশ দল আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি- টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। পাকিস্তানে ৫ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে নামার আগে প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আমিরাতে ১৭ ও ১৯ মে শারজায় হবে আমিরাতের সঙ্গে ম্যাচ দুটি। এরপর পাকিস্তানে ৫ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নামবে ২৫ মে। পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে হবে এই সিরিজটি।
